কচাকাটায় বিদ্যুৎ সংযোগের নামে চাঁদাবাজি: ৬ মাস আগে মিটার পেলেও মেলেনি সংযোগ

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন কচাকাটা থানার চরাঞ্চলে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ৩৩২ নম্বর লডের ঠিকাদার রতনের সহযোগী স্থানীয় সাবেক ইউপি সদস্য বাচ্চু মেম্বারদের বিরুদ্ধে।

জানা যায়, সংযোগ দেয়ার নামে প্রতি গ্রাহকের কাছ থেকে আদায় করা হয়েছে ৪থেকে ৫ হাজার টাকা। তবে টাকা দিয়েও মিটার কিংবা সংযোগ পাননি অনেক গ্রাহক।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে টাকার বিনিময়ে ৬মাস আগে মিটার পেলেও এখনো সংযোগ মেলেনি গ্রাহকদের।

ভুক্তভোগীরা জানায়, আমাদের গ্রামে বিদ্যুৎ দেওয়ার কথা বলে প্রায় ৪বছর আগ থেকে টাকা কালেকশন শুরু করেন বাচ্চু মেম্বার। মিটার প্রতি ৪ থেকে ৫ হাজার টাকা দিয়ে ৬ মাস আগে মিটার দিলেও বিদ্যুৎসংযোগ এখনো দেয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে কচাকাটা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ঠিকাদার এখনো লাইন নির্মাণ সম্পন্ন করতে পারেননি তাই সংযোগ দিতে দেরি হচ্ছে। এদিকে ঠিকাদার রতনের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ফোনে তাকে পাওয়া যায়নি। তবে ঠিকাদারের সহযোগী বাচ্চু মেম্বার চাঁদাবাজির বিষয়টি এড়িয়ে গিয়ে সংযোগ না দেওয়ার সত্যতা স্বীকার করে বলেন- ঠিকাদারের কাজ শেষ হয়েছে অনেক আগেই, এখন শুধু সংযোগ দেওয়ার বাকি আছে।

ভুরুঙ্গামারী বিদ্যুৎ অফিসের ডিজিএম কাওসার আহমেদ বলেন- ঠিকাদারের সাথে কথা বলেছি তাদের নাকি অল্প একটু কাজ বাকি আছে। তাদের লোকজন আগামীকাল এসে লাইনের কাজ সমাপ্ত করলে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

Share Button