ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাবের হাতে গ্রেফতার হওয়া এক মাদক ব্যবসায়ী হাতকড়াসহ পালিয়েছে। সোমবার বিকালে উপজেলার উত্তর শিমুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক মাদক ব্যবসায়ীর নাম লাবু মিয়া (২২)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জায়গীরটারী গ্রামের আতাউর রহমান আতার ছেলে।
রংপুর র্যাব-১৩’র এসআই সুকুমার সরকার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাবের একদল ফোর্স উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান নেয়। এসময় লাবুু মিয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় তাকে আটক করে শরীর তল্লাশী করে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে হাতকড়া পড়িয়ে গাড়ীতে উঠানোর সময় র্যাব সদস্য শফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় লাবু। তার বিরুদ্ধে রাতেই ফুলবাড়ী থানায় মামলা করা হয়েছে।
রংপুর র্যাব-১৩’র সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদার রহমান জানান, মাদকসহ আটক আসামীকে গাড়ীতে উঠানোর সময় হাতকড়াসহ পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করা হয়েছে। হাতকড়াটি উদ্ধারের চেষ্টা চলছে।
