সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) ভোরের দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদী গামী একটি মালবাহী কাভার্ড ভ্যান ও বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী আলু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় গাড়ীর চালকেরা নিহত হয়।

নিহতরা হলেন রাজশাহীর বাঘা থানার মতিহার গ্রামের লাল চাঁদের ছেলে ট্রাক চালক জামিউল হোসেন (৪৩) এবং নোয়াখালী চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে লংভিকেলের চালক আইয়ুব আলী (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মরদেহ দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাব্যাপী যানচলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাকবলিত যান দুটি অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

Share Button