শপথ নিলেন বিএনপি থেকে নির্বাচিত ৪ সাংসদ

নয়া খবর রিপোর্টঃ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শপথ নিলেন বিএনপি থেকে নির্বাচিত ৪ প্রার্থী মো. আমিনুল ইসলাম, হারুনুর রশিদ, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ও মোশারফ হোসেন।

সোমবার (২৯ এপ্রিল) বিকালে তাদের শপথবাক্য পাঠ করিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী ছয় প্রার্থীর মধ্যে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই কেবল শপথ নেওয়া থেকে বাদ থাকলেন।

বিকাল সোয়া ৫টার দিকে বিএনপির এই চার প্রার্থী সংসদে স্পিকারের কার্যালয়ে পৌঁছান। স্পিকারের কার্যালয়ের একটি সূত্র জানায়, বিকাল সাড়ে ৫টার কিছু পরে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। পৌনে ৬টার আগেই শেষ হয় চার প্রার্থীর শপথ।

চার প্রার্থীর মধ্যে মো. আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে, হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও মোশারফ হোসেন বগুড়া-৪ আসন থেকে বিজয়ী হয়েছিলেন একাদশ নির্বাচনে।

বিএনপি থেকে বিজয়ী দুই সদস্য জানান, শপথ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতির অপেক্ষায় রয়েছেন বিএনপির বিজয়ী তিন প্রার্থী— মো. আমিনুল ইসলাম, হারুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। শুরু থেকে শপথ না নেওয়ার বিষয়ে অনড় ছিলেন বগুড়ার মোশারফ হোসেন। তবে শেষ পর্যন্ত তিনিও বাকি তিন বিজয়ীর সঙ্গে শপথ নিয়েছেন।

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বিজয়ী প্রার্থীদের শপথ নেওয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, আমি অসুস্থ, বাসায় আছি। এ বিষয়ে কিছু বলতে পারব না।

পরে বিএনপির চার প্রার্থী শপথ নেওয়ার জন্য সংসদ ভবনে পৌঁছে সাংবাদিকদের জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রিন সিগন্যাল পেয়েই তারা শপথ নিতে এসেছেন।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে মাত্র আটটি আসনে জয় পায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের মধ্যে বিএনপি থেকে ছয় জন এবং গণফোরাম থেকে নির্বাচিত হন দু’জন। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোটের দিন রাতেই ফলাফল বর্জনের ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

এর আগে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও ২ এপ্রিল শপথ নেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের আরেক প্রার্থী মোকাব্বির খান। সবশেষ গত ২৫ এপ্রিল দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী জাহিদুর রহমান।

Share Button