মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় ৫ রোহিঙ্গা কে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৩অক্টবর) রাত ১২ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গাদের মধ্যে চার জন পুরুষ ও এক জন নারী রয়েছে। তারা কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪ এর বাসিন্দা। আটককৃতদের পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদিকে তাদের ভ্যানে করে ভারত যেতে সহযোগীতার অপরাধে নাজমুল নামের একজনকে আটক করা হয়।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, বেশ কয়েকজন পুরুষ ও নারী বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তের মান্দারতলা বাজারে অভিযান চালায়। পরে রাস্তার পাশে ভ্যান থেকে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে জানায় ক্যাম্প থেকে পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে। তিনি আরো জানান, মহেশপুর সীমান্তে এই প্রথম কোন রোহিঙ্গা আটকের ঘটনা ঘটলো। যেহেতু তারা বাংলায় কথা বলে এবং চেহারা প্রায় বাংলাদেশের মানুষের মত তাই সনাক্তে আমাদের কিছু কষ্ট হচ্ছে। তবে প্রতিটি বিজিবি ক্যাম্পে সার্বক্ষনিক সতর্ক থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোন ভাবেই রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে।
