শাকিল আহম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি:
রূপগঞ্জের রাস্তার পাশ থেকে বোরকা পরিহিত এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড় টু কামসাইর গাজী বাইপাস সড়কের পাশে পিরুলিয়ার বিল থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে জমিতে কাজ করতে গিয়ে একজন কৃষক প্রথমে কচুরিপানায় ডাকা কারো খোলা পা দেখতে পায়। তার ডাকাডাকিতে লোকজন এসে নারীর লাশ পড়ে থাকতে দেখে। চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল আলম জানান, সকাল ১১ টার দিকে স্থাণীয়রা খবর দিলে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাই। লাশের নাকে নদ (নাক ফুল) ও বোরকা পরিহিত ছিল। লাশের মুখে এসিড জাতীয় বিষাক্ত কিছু দেয়াতে চেহারা বুঝা যাচ্ছে না। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
নারায়ণগঞ্জ গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী বলেন, আমি স্পটে গিয়েছি। দুর্বৃত্তরা এক নারীকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। অন্য কোথাও হত্যা করে রাতের আধারে এখানে লাশ ফেলে গেছে বলে তিনি ধারনা করেন।
