ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দুধকুমার, ফুলকুমার ও কালজানি নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উন্নয়নমূলক সংগঠন ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার আয়োজনে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
সমাবেশে প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা পারভীন মিরা, সংগঠনের সাধারণ সম্পাদক ফকরুজ্জামান জেট, ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ এছাহাক আলী ব্যাপারি, প্রভাষক আজিজুর রহমান স্বপন।
গত কয়েকদিনের নদী ভাঙনে চর ইসলামপুর, সামাদের ঘাট, চর ধাউরা কুটি, সোনাহাট বন্দর সড়ক এলাকাসহ বিভিন্ন স্থানে দুধকুমার, ফুলকুমার ও কালজানি নদীর ভাঙনে অন্তত দুইশত ঘরবাড়ি বসতভিটা নদী গর্ভে চলে গেছে। কয়েক বছরের ভাঙনে ছোট হয়ে আসছে এ উপজেলার স্থলভাগের মানচিত্র। ভাঙন রোধে ‘ভূরুঙ্গামারীর উপর দিয়ে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প’ নামের একটি প্রস্তাবনা পানি সম্পদ মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে বলে জানানো হয়।
সমাবেশে উক্ত প্রস্তাবনাসহ দ্রæত সকল নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।
