রংপুর প্রতিনিধি:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লোক প্রশাসন বিভাগের দুই শিক্ষকের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে খুব দ্রুত সময়ের মধ্যে এ সম্পর্কিত একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্যরা হলেন, সদস্য সচিব-সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুসতারি ও সদস্য- ম্যানেজম্যান্ট বিভাগের সহকারী অধ্যাপক ছদরুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় তথ্য প্রদানকারী তাবিউর রহমান প্রধান বলেন, ‘লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের ও একই বিভাগের শিক্ষিকা সামান্তা তামরিন পরস্পরের বিরুদ্ধে অশোভন আচরনের অভিযোগ করে উপাচার্য বরাবর চিঠি দেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে রবিবার একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লেখ্য, গত বুধবার লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা সামান্তা তামরিন বিভাগটির বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের-এর বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় উপাচার্য বরাবর একটি অভিযোগপত্র দেন। পরে জুবায়ের ইবনে তাহের পাল্টা একটি অভিযোগপত্র উপাচার্য বরাবর জমা দেন।
