কুড়িগ্রামে নদীতে গোসল করতে নেমে ৩ খালাতো ভাই-বোনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীর খঞ্জনমারা এলাকায় সোনাভরি নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা একে অপরের খালাতো ভাই-বোন।নিহতরা হলেন খঞ্জনমারা গ্রামের হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম (১৩), সিয়ামারে খালাত ভাই রৌমারীর কাউয়ার চর গ্রামের আব্দুল কাদেরের পুত্র নবম শ্রেণির ছাত্র হামিম (১৪) ও সিয়ামের আরেক খালাতো বোন গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার কিষামত বড়বাড়ি গ্রামের অলিউল্ল্যাহর পুত্র ৫ম শেণির ছাত্রী জিন্নাত খাতুন দিনা (১০)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত হামিম ও জিন্নাতসহ তাদের পরিবারের সদস্যরা হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার খঞ্জনমারা এলাকায় সোনাভরি নদীতে ওই বাড়ির ৫ শিক্ষার্থী গোসল করতে নামে। এসময় দুইজন উঠে আসলেও ৩ শিক্ষার্থী পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের ৩ জনকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Button