রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে রংপুরে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএমের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার রংপুর রেঞ্জ পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রংপুর জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা গেলে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ আরও কার্যকর হবে। খেলাধুলা পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার প্রসার ঘটবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা সম্ভব হবে।
শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি এবং সামাজিক বন্ধন জোরদার করার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share Button