কুড়িগ্রামে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠান

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

কুড়িগ্রাম, ৩১ অক্টোবর, শনিবার।
কুরআনের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা এলাকার তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসায় হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান, কুরআন ও আমপারা সবক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাঃ বেলাল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা,গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল কুড়িগ্রাম , আলহাজ্ব আহসান শামীম জিন্নুরাইন প্রতিষ্ঠাতা খান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রাজু আহম্মেদ, আব্দুর রাজ্জাক, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, পবিত্র কুরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবজীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। নতুন প্রজন্মকে কুরআনের সঠিক শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, তাদের সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। তিনি এ ধরনের শিক্ষামূলক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পবিত্র কুরআনের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও আদর্শ চরিত্র গঠনে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা মনে করেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, দেশ ও জাতির কল্যাণ এবং সবার সুখ-শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share Button