নাগেশ্বরীতে দুধকুমার নদী ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

জাহিদুল ইসলাম জাহিদ, নাগেশ্বরী: 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় দুধকুমার নদীর ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে নুনখাওয়া ইউনিয়নের কাঠগিরি হাজীপাড়া নদীর পাড়ে মানববন্ধনে এলাকার নারী শিশুসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। বক্তারা বলেন, বর্ষা মৌসুমে শতাধিক বাড়িঘর, হাজার হেক্টর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। শুষ্ক মৌসুমেও ইউনিয়নের দুটি ওয়ার্ডের হাজীপাড়া কাঠগিড়ি, কলা বাগানসহ আশপাশের কয়েকটি এলাকার বসতভিটা, ফসলী জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের মুখে রয়েছে মাদরাসা, মসজিদ, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। বক্তারা জানান, একের পর এক দুধকুমার নদীর এপার ভেঙে ওপার গড়লেও এ নিয়ে কোনো কার্যকরী উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডে একাধিকবার যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি তারা। তাই এখানকার মানুষের বসভিটা রক্ষায় অবিলম্বে ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করেন তারা।
এ সময় নদী ভাঙনের শিকার খোতেজা বেগম জানান, এ পর্যন্ত দুধকুমার নদীর আগ্রাসনে তার বসতভিটা ৫-৬বার নদীগর্ভে বিলীন হয়েছে। এক চর থেকে আরেক চরে বসতভিটা করে করে তিনি এখন নিঃস্ব। এখন অন্যের জমিতে কোনোমতে মাথা গুঁজে আছেন। সেটিও এখন নদীর তীরবর্তী এসে গেছে। এবার নদী ভেঙে নিয়ে গেলে কোথায় থাকবেন সেটি বলতে পারেন না তিনি। ভাঙনের কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেন কাঠগিরি এলাকার কমলা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান তার থাকার মতো কোনো জমিজমা নেই। দুধকুমারের নিষ্ঠুরতায় তিনিও নিঃস্ব হয়েছেন। পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে দিনযাপন করছেন তিনি। এবার বসতভিটা ভেঙে নিয়ে গেলে কোথায় থাকবেন এ নিয়ে শঙ্কায় তিনি।
এ সময় মানববন্ধনে আরও বক্তব্য দেন ইউনিয়ন যুবদল নেতা ইউসুফ আলী, রফিকুল ইসলাম রফিক, স্থানীয় নওশাদ আলী, ইলিয়াস আলীসহ অনেকে।

Share Button