সুস্থ মন সুন্দর জীবন : ফুলবাড়ীতে মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। Alliance for Rights Women Organization (ARWO)-এর আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে “সুস্থ মন, সুন্দর জীবন” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে শিক্ষার্থীদের মানসিক চাপ কী, কেন মানসিক চাপ সৃষ্টি হয় এবং মানসিক চাপ থেকে কীভাবে বেরিয়ে আসা যায়—এসব বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মানসিক সুস্থতা বজায় রাখতে মেডিটেশনের উপকারিতা ও সঠিক নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষক, ARWO-এর প্রতিষ্ঠাতা এবং সংগঠনটির ফুলবাড়ী উপজেলা ভলান্টিয়াররা।

সেমিনারে ARWO-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কুড়িগ্রাম জেলার সকল উপজেলার কলেজ ও মাঠপর্যায়ে স্বাস্থ্যসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে বাস্তবায়নের জন্য জেলার বিভিন্ন উপজেলার কলেজ কর্তৃপক্ষ সহযোগিতা ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করার সুযোগ দিলে কার্যক্রমগুলো আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে জানানো হয়।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এর আগে তারা এ ধরনের সেশন করেননি এবং মানসিক চাপের সময়ে কীভাবে নিজেকে শান্ত রাখা যায়, সে বিষয়ে তাদের অনেকেরই পরিষ্কার ধারণা ছিল না। সেমিনারের মাধ্যমে তারা বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন এবং সেশনটি তাদের জন্য উপকারী হয়েছে বলে জানান তারা।

কলেজ কর্তৃপক্ষও এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে এমন কার্যক্রম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তারা দেশের বিভিন্ন কলেজে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের সুযোগ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শেষ হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট, কুড়িগ্রাম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম পাঁচজন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে নার্সিং শিক্ষা এবং নার্সিং কোচিং ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিজেদের আবেগ, চাপ ও মানসিক অবস্থাকে বুঝতে শেখানোই এ ধরনের কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

Share Button